টাকা দিয়ে মানুষ ভাড়া করে গণসমাবেশ করছে বিএনপি: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে গণসমাবেশ করছে। টাকার বিনিময়ে তাদের বিভাগীয় সবগুলো সমাবেশে যে লোক হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের গণসমাবেশে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আওয়ামী লীগের সমাবেশ হলে তো কথাই নেই। আজকে মহাসমাবেশ করে কেউ যদি মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপরে পানির মতো একটি সংগঠন, সে ধারণা ভুল। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সে নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে। 

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রতিদিন সকাল ৯ থেকে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।