লালমনিরহাটের হাতীবান্ধা মোজাম্মেল হোসেন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) স্কুল চলাকালীন সময়ে এসব অনিয়মের বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
অভিযোগকারীদের বক্তব্য, স্কুলে নিয়মিত পাঠদান করানো হয় না। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক তাদের খেয়াল খুশি মতো স্কুলে আসা-যাওয়া করেন। প্রাক্তন শিক্ষার্থী দিয়ে চলে পাঠদান। এছাড়া স্কুল চলাকালীন সময়ও টিউশনি করানো হয়। শরীরচর্চা শিক্ষক তছলিম নিয়মিত স্কুলে না আসায় স্কুলে নিয়মিত এসেম্বলি হয় না।
স্কুলের শরীরচর্চা শিক্ষক তছলিম উদ্দিনকে মঙ্গলবার স্কুলে না আসার বিষয়ে জানতে চাইলে তিনি স্কুলে ছুটির আবেদন দিয়েছেন বলে জানান।
প্রধান শিক্ষক খলিলুর রহমান যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার মানোন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। যে কারণে স্কুলের ফলাফলও ভালো রয়েছে।
হাতীবান্ধা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।