৪৩ শিক্ষার্থী ফেল করার অভিযোগে ১০ শিক্ষক অবরুদ্ধ

নোয়াখালীর সেনবাগে ৪৩ শিক্ষার্থীর ফল প্রকাশিত না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে তালা মেরে ১০ শিক্ষকে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষাথীরা।

সোমবার (২৮ নভেম্বর) নোয়াখালীর সেনবাগের বীজবাগ নবকৃঞ্চ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখায় ৪৩ শিক্ষার্থীর ফল প্রকাশিত না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে ১০ শিক্ষক দুপুর ১২ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। কিন্তু প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।

Senbag pic 28.11.2022=02

জানা গেছে, বীজবাগ নবকৃঞ্চ উচ্চ থেকে এ বছর ভোকেশনাল (ইন্ডাট্রিয়াল এসাইমেন্ট) বিভাগ থেকে ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু সোমবার এসএসসি ফল প্রকাশিত হলে ভোকেশনাল বিভাগের ওই ৪৩ জন শিক্ষার্থী সকলে ফেল করে। এতে তারা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ১০ শিক্ষককে বিদ্যালয়ের প্রশাসনিক কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ ৪৩ শিক্ষার্থী ফেল করার কথা স্বীকার করে বলেন, নবম শ্রেণির এসাইমেন্ট পরীক্ষার কাগজপত্র করোনার কারণে সময় মতো না পৌঁছায় ওই বিষয়ের ফল প্রকাশিত হয়নি। ফলে তারা ফেল করেছে। আগামী দুই মাস পর নবম শ্রেণির ফল প্রকাশিত হলে ওই সময় এসএসসি পূর্ণ ফল প্রকাশিত হবে। এতে শিক্ষার্থীদের ফলাফল পাওয়া যাবে বলে জানান।

Senbag pic 28.11.2022=01

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, স্কুলের শিক্ষার্থীদের আন্দোলন ও শিক্ষকদের অবরুদ্ধ করার বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে শিক্ষা বোর্ডে কথা বলেছেন। বোর্ড কর্তৃপক্ষ বলেছে, আগামী দুই মাস পর ওই ৪৩ শিক্ষার্থীর ফল প্রকাশিত হবে।