হৃদপিণ্ডের সমস্যায় মাঠ থেকে হাসপাতালে পন্টিং

পার্থে চলমান অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে মাঠে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। শুক্রবার (২ ডিসেম্বর) ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক অজি অধিনায়ক।  

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চ ব্রেকের কিছু আগে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন রিকি পন্টিং। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ৪৭ বছর বয়সী সাবেক ক্রিকেটারের হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম জানিয়েছে, সুস্থ আছেন পন্টিং। তবে আজ আর তিনি ধারাভাষ্য দেবেন না।

অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮টি টেস্ট, ৩৭৫টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পন্টিং। অস্ট্রেলিয়া হয়ে তিনটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন পন্টিং। তার অধিনায়কত্বে ২০০৩ ও ২০০৭ সালে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে অজিরা।