‘স্যান্ডপেপার গেট’ খ্যাত বল টেম্পারিং কেলেঙ্কারি ইস্যুতে ফের উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। ২০১৮ সালের আলোচিত সেই ঘটনাটি দলের সবারই জানা ছিল-নিজের আত্মজীবনী ‘সবর’-এ সাবেক ওপেনার উসমান খাজার এমন বিস্ফোরক দাবির পরই শুরু হয় নতুন বিতর্ক। খাজার এই বক্তব্যে সমর্থন দিয়েছেন ডেভিড ওয়ার্নারও। তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ আখ্যা দিয়ে সরাসরি নাকচ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
এবার বহুল আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে রীতিমতো বোমা ফাটালেন তিন অভিযুক্তের একজন ক্যামেরন ব্যানক্রফট। তার দাবি, ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি শুধু তিন অভিযুক্ত স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং তার নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো দলই এই পরিকল্পনা সম্পর্কে জানত।
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক কলামে ব্যানক্রফট জানান, মাঠে ক্যামেরায় ধরা পড়ার আগের দিন সন্ধ্যায় দলের সবার সামনেই তার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল এবং সবাই বিষয়টি জানত।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রাথমিক তদন্তে সে সময় তিনি পরিপূর্ণ ও সত্য তথ্য দেননি বলেও স্বীকার করলেন ব্যানক্রফট। ক্রিকেট বোর্ড ও সতীর্থদের বাঁচাতেই তিনি এমনটি করেছিলেন বলে জানান। তিনি বলেন, ‘আমি গুরুত্বপূর্ণ অনেক তথ্য চেপে গিয়েছিলাম; যার মধ্যে ছিল স্যান্ডপেপার ব্যবহার কবে শুরু হয়েছিল, কত দিন ধরে তা চলছিল এবং অন্যান্যের সংশ্লিষ্টতা ও সচেতনতা কতটুকু ছিল।’
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন যারা অতীতে বল টেম্পারিংয়ের কোনো রকম জানাশোনা থাকার কথা অস্বীকার করে আসছেন, তাদের সঙ্গে নিয়মিত আলোচনার কথাও উল্লেখ করেছেন ব্যানক্রফট। তার দাবি, দক্ষিণ আফ্রিকায় বল রিভার্স সুইং করানোর ক্ষমতা নিয়ে সতীর্থ বোলারদের সঙ্গে তার নিয়মিত কথা হতো। আর সেই আলোচনাগুলোর মাধ্যমেই নির্ধারিত হতো তিনি বলে ঠিক কী পরিমাণ স্যান্ডপেপার ব্যবহার করবেন।
তিনি বলেন, ‘সেই সময়ে বোলারদের সঙ্গে নিয়মিত কথা বলতাম বলের আচরণ কেমন হচ্ছে তা নিয়ে। আমাকে কথা বলতেই হতো।’ তিনি আরও উল্লেখ করেন, ‘প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং মিচেল মার্শের সঙ্গে আমার নিয়মিত কথা হতো। বলটি যথেষ্ট রিভার্স সুইং করছে কি না, তা নিয়ে। এ ছাড়া টিম পেইনের সঙ্গেও কথা বলতাম, যিনি স্টাম্পের পেছনে দাঁড়িয়ে বলের গতিপ্রকৃতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার মোক্ষম অবস্থানে ছিলেন। আমার ফিডব্যাক দরকার ছিল।’
‘বোলার ও উইকেটরক্ষকের সঙ্গে কথা না বললে আমি কীভাবে বুঝব আমার কাজটি কার্যকর হচ্ছে কি না?’ প্রশ্ন রাখেন এই ক্রিকেটার। তিনি যোগ করেন, ‘আমার কৌশল কাজে দিচ্ছে কি না, তা নিয়ে সব বোলারই আমাকে ফিডব্যাক দিতেন। সেটা বেশ সহায়ক ছিল। বল কি ঘুরতে শুরু করেছে? এখনও তো ঘুরছে না, আরও ঘষতে হবে’-এমন মন্তব্যের পর আমি আরও বেশি করে স্যান্ডপেপার ব্যবহার করতাম।’
ব্যানক্রফট জানান, বল টেম্পারিংয়ের কাজটি দলের ভেতর প্রশংসিত হয়েছিল এবং তিনি বিশেষভাবে তৎকালীন বোলিং কোচ ডেভিড সাকারের নাম উল্লেখ করেন। তবে পুরো বহরে কেবল তৎকালীন মিডিয়া ম্যানেজার কেট হাচিনসনই এই পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন বলে জানান তিনি।
কোচিং স্টাফদের বাইরে কেট হাচিনসনের প্রতিবাদের কথা স্মরণ করে ব্যানক্রফট বলেন, ‘আমাদের মিডিয়া ম্যানেজার কেট হাচিনসন এর তীব্র প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে এটি অন্যায়, তিনি এর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না এবং এই বলে তিনি আলোচনা ছেড়ে চলে যান। আমি তা কখনো ভুলব না। কেউ একজন মুখ খুলেছিল।’
তৎকালীন কোচ ড্যারেন লেম্যানও এই বল টেম্পারিংয়ের প্লট সম্পর্কে জানতেন বলে বিশ্বাস করেন ব্যানক্রফট। এর সপক্ষে প্রমাণ হিসেবে তিনি দ্বাদশ খেলোয়াড় পিটার হ্যান্ডসকম্বকে মাঠে পাঠানোর ঘটনার কথাও উল্লেখ করেন। ব্রডকাস্টে ব্যানক্রফট ধরা পড়ার পর হ্যান্ডসকম্বকে মাঠে পাঠানো হয়েছিল।
ব্যানক্রফট লিখেছেন, ‘সে (হ্যান্ডসকম্ব) আমাকে বলেছিল, ‘আমার মনে হয় এবার ওটা তোমার কাছ থেকে আমার নিয়ে নেওয়ার সময় এসেছে।’ বুফ (ড্যারেন লেম্যান) ওয়াকিটকিতে চিৎকার করে তাকে বলেছিলেন, ‘যাও, এখনই ব্যাংজার্সের (ব্যানক্রফটের ডাকনাম) কাছ থেকে ওই ফাকিং স্যান্ডপেপারটা নিয়ে এসো।’
‘আমার মতে, তিনি যদি না-ই জানতেন, তবে এমন কথা বলতেন না। পরিস্থিতি যদি এর আগে পরিষ্কার না হয়ে থাকে, তবে ওই ঘটনার পর তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। আরেকবার বলছি-আমরা সবাই জানতাম।’
প্রসঙ্গত, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বলের ওপর স্যান্ডপেপার ঘষতে গিয়ে সম্প্রচারমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। সেই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার পান ১২ মাসের নিষেধাজ্ঞা। তদন্তে এই তিনজনকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল।
