নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় দিকে মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল ও তার প্রতিপক্ষ রমজানের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার রাত থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। রোববার ভোরে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫ জন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। 

মাধবদী থানার ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।