নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্থানীয়রা হঠাৎ বৈদ্যুতিক লাইনে আগুন জ্বলতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান, একজন মরে পড়ে আছে। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।’
ওসি উল্লেখ করেন, ‘তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। পরনে ছিল ময়লা প্যান্ট ও টি-শার্ট। মরদেহের পাশে বৈদ্যুতিক তার চুরির কিছু সরঞ্জামও পাওয়া গেছে’।
ঘটনাটি রেললাইনের পাশে হওয়ায় রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে জানিয়ে মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
