মানবপাচার আইনের মামলায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে নতুন করে আগামী ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ধার্য দিনে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ নতুন এ তারিখ ধার্য করেন।
এর আগে, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূল হোতা আজম খান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার করে সিআইডি।
২০২০ সালের ২ জুলাই আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি শাহ। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।