মাঠ থেকে সোজা হাসপাতালে রোহিত

সিরিজ বাঁচানোর লক্ষ্যেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলো ভারত। প্রথম ম্যাচে ১ উইকেটের হারের পর আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া কোনো বিকল্প নেই ভারতের সামনে। এমন অগ্নিপরীক্ষার ম্যাচেই কিনা মাঠে নেমেই বিশাল এক ধাক্কা খেলো ভারত। ম্যাচের মাত্র দ্বিতীয় ওভারেই আঙুলে চোট পান ভারতের অধিনায়ক রোহিত শর্মা, চোট পেয়ে সঙ্গে সঙ্গে মাঠে ছাড়েন তিনি।  

দুই দলের সামনে আজকের ম্যাচে দুই রকমের লক্ষ্য, জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য, আর সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে জয় চায় ভারতের। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ দেন এনামুল হক বিজয়। সেই ক্যাচ ধরতে গিয়েই আঙুলে চোট পান রোহিত। বল ফেলে ক্যাচ হাতছাড়া করার পর রোহিত মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গেই।

মাঠ ছেড়ে হাতের এক্স-রের জন্য সরাসরি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে রোহিতকে। তার পরিবর্তে সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে ফিল্ডিং করছেন রজত পাতিদার। রোহিতের হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের পক্ষ থেকেই।

এদিকে ইএসপিএন ক্রিকইনফো এক টুইটে জানিয়েছে, মাঠ ছেড়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে গেছেন রোহিত শর্মা। তার বাম হাতের এক্স-রে করার জন্যই হাসপাতালে পাঠানো হয়েছে।