নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞানের প্রসার, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন ও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে এ সায়েন্স ফেস্টের আয়োজন করে নোবিপ্রবি সায়েন্স ক্লাব ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এছাড়া উপস্থিত ছিলেন-নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম, নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং কিনোট স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড.আনোয়ারুল আজিম আখন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলম নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার ফলে সাম্প্রতিক সময়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণায় এগিয়ে যাচ্ছে। এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আয়োজনের সফলতা কামনা করেন নোবিপ্রবি উপাচার্য।
অধ্যাপক ড. শফিকুল ইসলাম তার বক্তব্যে সায়েন্স ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সায়েন্স ক্লাবের অর্জন তুলে ধরেন। এছাড়া তিনি হিউম্যান জিনোম, ড্রাগস, অনকোজেনিক ভাইরাসের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা ইত্যাদি বিষয় তুলে ধরেন।
এছাড়া সংগঠনের সভাপতি এস কে ফয়সাল আহমেদ নোবিপ্রবি সায়েন্স ক্লাবের যাত্রা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সায়েন্স ক্লাবের এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইভেন্টগুলো হলো-সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন, তিন মিনিটের রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কন্টেস্ট, সায়েন্টিফিক ফটোগ্রাফি কন্টেস্ট, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন এবং কলেজ শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক কুইজ কম্পিটিশন।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল-নোবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি প্রেসক্লাব এবং জাতীয় দৈনিক ইত্তেফাক। এছাড়া অর্গানাইজিং পার্টনার হিসেবে আছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি, আইটি ক্লাব, আইসিই প্রোগ্রামিং ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, চলো পাল্টাই ফাউন্ডেশন ও ইইই অ্যাসোসিয়েশন।