পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করছে মেক্সিকো। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ ডিসেম্বর) পেরুর কংগ্রেস কর্তৃক অভিশংসিত হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচিত কাস্টিলো ক্ষমতা হারিয়েছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।
কাস্টিলো এখন রাজধানী লিমায় সরকারি হেফাজতে রয়েছেন। তার রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি আইনজীবীর মাধ্যমে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছিল।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবরার্দ জানিয়েছেন, এ নিয়ে দুই দেশ এখন আলোচনা করছে।
পেরুর আইন প্রণেতারা ন্যাশনাল অ্যাসেম্বলি (কংগ্রেস) ভেঙে দেওয়ার চেষ্টা করার পরে কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করেন। অভিশংসনের মুখোমুখি হয়ে, ক্যাস্টিলো বিরোধী নিয়ন্ত্রিত আইনসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন।
কিন্তু কংগ্রেস তাকে উপেক্ষা করে অভিশংসনের পথে এগিয়ে যায়। প্রেসিডেন্ট পদ থেকে তাকে অপসারণের জন্য প্রয়োজনীয় ভোট পায় তারা। লিমায় মেক্সিকান দূতাবাসে আশ্রয় নেওয়ার চেষ্টা থেকে কাস্টিলোকে তার দেহরক্ষীরা বাধা দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তে (৬০) নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।
বুধবার রাতে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের কাছে কাছে পাঠানো এক চিঠিতে কাস্টিলোর আইনজীবী তাকে অনুরোধ করে বলেন, 'বিচার বিভাগের ভিত্তিহীন হয়রানির মুখে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করুন। তারা শুধুমাত্র একটি ইচ্ছা বা অভিপ্রায়ের ঘোষণার জন্য তাকে বিচার করতে চায় যা ফৌজদারি অপরাধের অন্তর্ভুক্ত নয়।'
ইবরার্দের ভাষ্য অনুযায়ী, পেরুতে মেক্সিকোর রাষ্ট্রদূত পাবলো মনরয় লিমায় কাস্টিলোর সঙ্গে দেখা করেন। তিনি কাস্টিলোকে শারীরিকভাবে সুস্থ দেখতে পান এবং তার সঙ্গে তার আইনজীবী ছিল বলে উল্লেখ করেন।
বেলুয়ার্তে ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কাস্টিলোর রানিং সাথী (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) ছিলেন। বুধবার যখন কাস্টিলো কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন বেলুয়ের্তে দ্রুত তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। পরে তিনি ক্যাস্টিলোর উদ্যোগকে 'অভ্যুত্থানের চেষ্টা' বলে অভিহিত করেন।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এক বক্তৃতায় বেলুয়ার্তে পেরুভিয়ানদেরকে জাতীয় ঐক্যের জন্য এগিয়ে আসার এবং তাকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার সুযোগ দেওয়ার জন্য রাজনৈতিক লড়াই থামানোর আহ্বান জানান।
এমনকি পেরুর মানদণ্ড অনুসারে, কাস্টিলোর প্রেসিডেন্সি অস্থিতিশীল ছিল। পেরু হল সেই দেশ যেটি ২০২০ সালে পাঁচ দিনে তিনজন প্রেসিডেন্ট দেখেছে।
বামপন্থী সাবেক স্কুল শিক্ষক তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমোরিকে জুন ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেছিলেন। কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং প্রতিকূল কংগ্রেসের কারণে তিনি দ্রুত স্থল হারান।
তার মন্ত্রিসভা ঘন ঘন রদবদল হয়েছে। তিনি তার ১৮ মাসের অফিসে পাঁচবার প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন। ব্যাপক দুর্নীতির অভিযোগও ছিল, যাকে কাস্টিলো 'রাজনৈতিক হয়রানি' বলে অভিহিত করেছিলেন।