কুমিল্লায় জন্মের ১০ ঘণ্টার মধ্যে জন্ম নিবন্ধন হাতে পেয়েছেন নবজাতক শিশু মোহাম্মদের বাবা। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে জন্মগ্রহণ করে এ শিশু।
রোববার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শিশু মোহাম্মদের বাবা আবু সুফিয়ান রাসেল তার সন্তানের জন্মনিবন্ধন হাতে পান। নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে শিশুর নিবন্ধন করা হয়।
নবজাতকের বাবা আবু সুফিয়ান রাসেল জানান, জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার। আমার শিশুসন্তান বড় হয়ে জানবে, সে জন্মের প্রথম দিনে রাষ্ট্রের কাছে জন্ম নিবন্ধন করার স্বীকৃতি লাভ করেছে। তখন তার কাছে ভালো লাগবে। এ ভালো লাগা তাকে সুন্দর সমাজ ও দেশ গড়ার স্বপ্ন দেখাবে।
নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, আমরা নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। জন্ম নিবন্ধন একটি অন্যতম সেবা। রোববার অফিস খোলার পরপর শিশুর বাবা তার সন্তানের জন্ম নিবন্ধনের অনলাইন আবেদন নিয়ে আসেন। প্রথম দিন-ই নিবন্ধন করতে এসেছেন দেখে আমরা খুশি হয়েছি। তিনি সচেতন নাগরিক। আমরা তাকে মিষ্টিমুখ করিয়েছি।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধন একজন মানুষের প্রথম রাষ্টীয় স্বীকৃতি। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্মনিবন্ধনের বিষয়ে আমরা নাগরিকদের উৎসাহিত করি। কুমিল্লায় জন্মের ১০ ঘণ্টার মধ্যে নিবন্ধন পেয়েছে মোহাম্মদ নামের নবজাতক। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করছি।
২০০১-’০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্ম নিবন্ধনের কাজ শুরু হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।