দিনাজপুরের বিরামপুরে ধানের জমি থেকে এক কৃষকের মাথা থেতলানো লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার বেগমপুর গ্রামের আমন ধানের খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কৃষক আশরাফুল ইসলাম (৫০) একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, পৌর এলাকার বেগমপুর কৃষক আশরাফুল আমন খেতের পাকা ধান কেটে রাতে পাহারায় ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আশরাফুলকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। সোমবার ভোরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মাঠে গিয়ে আশরাফুলের লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন।
ওসি জানান, থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।