শীতের ফ্যাশনে সোয়েটার

হিমেল হাওয়া আর কুয়াশা গায়ে মাখিয়ে শীত জানান দিচ্ছে তার আগমনী বার্তার। শীতে প্রকৃতি যেমন রঙ বদলায় তেমনি শীতে পরিবর্তন আসে ফ্যাশনে। ঠাণ্ডা সামলাতে গরম কাপড়ের প্রয়োজনীয়তা আমরা সবাই উপলব্ধি করি। তবে এই যুগে সেই গরম কাপড় ফ্যাশনেবল হওয়া বাধ্যতামূলক। 

ফ্যাশনের ব্যাপারে আজকাল নারীদের পাশাপাশি ছেলেরাও বেশ সচেতন। ছেলেদের জন্য শীত হলো ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই সময় বিভিন্ন ধরনের জ্যাকেট, বুট, মাফলার, শাল, টুপি, সোয়েটার ইত্যাদি বেশ প্রাধান্য পায় ছেলেদের ফ্যাশনে। তবে আজকাল ভারি জ্যাকেটের চেয়ে শীতকালে সোয়েটার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণদের কাছে। 

শীত

শীতকালে নিজেদের সুদর্শন দেখাতে এবং নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হরেক রকমের সোয়েটার গায়ে দিচ্ছেন ছেলেরা। পরিধানে ভারী জ্যাকেট এবং স্যুটের চেয়ে আরামদায়ক এবং উষ্ণ হওয়ায় এইসব সোয়েটার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণদের মধ্যে। 

ছেলেদের শীতের পোশাকে আছে নানা ধরনের সোয়েটার। গোল গলা, ভি গলা, চিকন কলারের এসব সোয়েটারে নানা ডিজাইনের বোতাম, চেইনের ব্যবহার করা হয় এখন। সোয়েটার কিছুটা পুরনো ফ্যাশন হলেও বর্তমানে ছেলেদের অন্যতম পছন্দের শীত পোশাক এটি। 

তৌহিদুর

কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অফিস সব জায়গায়ই শীতের দিন ফ্যাশন হিসেবে শক্তপোক্ত জায়গা করে নিয়েছে নানা ধরনের সোয়েটার। শুধু কর্মক্ষেত্রে নয়, শীতের বিকাল কিংবা সন্ধ্যাকালীন আড্ডায়ও ছেলেদের জন্য আকর্ষণীয় পোশাক এখন সোয়েটার। 

ঢাকার বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট থেকে শুরু করে সব ধরনের ছোট বড় কাপড়ের দোকানে শীতকালে বেশ ভালোভাবে বিক্রি বেড়েছে ছেলেদের সোয়েটারের। এছাড়াও নামীদামী ব্র্যান্ড থেকে শুরু করে জনপ্রিয় সব অনলাইন মার্কেটিং মাধ্যম গুলোও প্রতিনিয়ত বাজারে আনছে নতুন নতুন ডিজাইনের হরেক রকমের সোয়েটার।