বড়াইগ্রামে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিন আওয়ামী লীগ নেতাকে দলীয় সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং বিদ্রোহী প্রার্থী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় তাদের দলীয় সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা আওয়ামী লীগসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে তাদের বহিষ্কারাদেশপত্র পাঠানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—জোয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খোকন মোল্লা এবং মাঝগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এম এ খালেক পাটোয়ারী। এছাড়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা জাকির হোসেন সরকারের প্রার্থিতা বাতিল হয়েছে। উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর বনপাড়া পৌরসভা, জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।