সন্ত্রাস-জঙ্গিবাদ বিরুদ্ধে ও দেশব্যাপী বিএনপির 'নৈরাজ্যের' প্রতিবাদে সুনামগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের রমিজ বিপণি এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি লার্ঠি মিছিল বের হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট লাঠি মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, 'বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য আর দেখতে চাই না। মানুষ শান্তি চায়। বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলা করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে আছি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে আগুন সন্ত্রাসীদের মোকাবিলা করবে।'
মিছিলে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফ উল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে প্রমুখ।
এদিকে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরুদ্ধে পৃথক একটি বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। সুনামগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে এই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে এক পথসভায় মিলিত হয়। এতে জেলা যুবলীগের সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, 'বিএনপি-জামায়াত দেশে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে হবে। সুনামগঞ্জে সন্ত্রাসী কার্যক্রম রুখতে জেলা যুবলীগ প্রস্তুত আছে।'