থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকংর্নের বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভা গতকাল বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে ঢলে পড়েছেন। থাই রাজপ্রাসাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজকুমারী বজ্রকিতিয়াভা কুকুরের সঙ্গে দৌড়াতে যান, এই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়ে যান। থাই রাজপ্রাসাদ বলছে, ৪৪ বছর বয়সী এই রাজকুমারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তার চিকিৎসা চলছে।
রাজকুমারীর অবস্থা 'একরকম স্থিতিশীল' বলে প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে, রাজকুমারীর অবস্থা বেশ গুরুতর।
রাজকুমারী বজ্রকিতিয়াভা দেশটির রাজার প্রথম স্ত্রীর কন্যা এবং তার বড় সন্তান। এ দিকে ডেইলি মেইলের খবর বলছে, বজ্রকিতিয়াভা বুধবার সকালে পার্কে তার বাবার পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে দৌড়াচ্ছিলেন। সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে তাকে সিপিআর দেওয়া হয়।
ডেইলি মিররের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, রাজকুমারীকে অক্সিজেন মেশিনে রাখা হয়েছে। তবে এই নিয়ে থাই প্রাসাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
রাজপ্রাসাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যে অল্প কজন থাকে, তাদের মধ্যে বজ্রকিতিয়াভাই সবচেয়ে দৃশ্যমান। তিনি যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।