গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ মৃত্যু বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সকালে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজ সংলগ্ন মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মো. আব্দুস সালাম মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৪৫), তার স্ত্রী শিমু সরকার (৪০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে শাকিল মিয়া (৩৫)। নিহত অটোরিকশা চালক নুরুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নেরর ভাটপাড়া গোপালপুর গ্রামের নজল হকের ছেলে। আহত ১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিকশা পলাশবাড়ী অভিমুখে যাচ্ছিলো। পথে ওই এলাকায় গাইবান্ধাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই ৩ অটোরিকশা যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশা চালককে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আরও একজন হাসপাতালে ভর্তি আছেন।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোসাব্বির হোসেন জানান, আহত অটোরিকশা চালক নুরুল ইসলামকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলাম মারা যান। পরে তার লাশটি বাড়িতে নিয়ে যান স্বজনরা।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অটো আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, ঘাতক বাসটিকে এখনও চিহ্নিত করা যায়নি।