গাইবান্ধায় মা-ছেলের মরদেহ উদ্ধার

পরকীয়া ফাঁসের শঙ্কায় আঁখিকে হত্যা, দেখে ফেলায় খুন করা হয় তার ৫ বছরের ছেলেকে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯

পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও তার পাঁচ বছর বয়সী ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমের কথিত প্রেমিক আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, এসআরবি-১৩-এর গাইবান্ধা ও নীলফামারী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী গ্রামে আনছার আলীর বাড়ি থেকে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করেন। বাদল (২৪) সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রামের মোকলেছুর রহমান বালাজুর ছেলে।

এর আগে মামলার প্রধান আসামি শাহিনা বেগমকে (২৬) মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রেজাউল হক জানান, শাহিনা বেগম ও আনন্দ বাবু বাদলের পরকীয়া সম্পর্কের বিষয়টি জানতে পারেন আইনুর নাহার আঁখি। এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন মঙ্গলবার আঁখিকে তার শয়নকক্ষে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পাশে ঘুমিয়ে থাকা পাঁচ বছর বয়সী ছেলে আহনাফ আদিল মায়ের হত্যাকারীদের দেখে ফেলায় তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত আঁখির বাবা মো. আতোয়ার রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় শাহিনা বেগম, তার কথিত প্রেমিক আনন্দ বাবু বাদল ও নিহত নারীর স্বামী আব্দুর রাজ্জাকসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়েতে টাইম কিপার হিসেবে কর্মরত আব্দুর রাজ্জাকের সঙ্গে প্রায় ১৫ বছর আগে আঁখির বিয়ে হয়। এ দম্পতির তিন সন্তান রয়েছে। আব্দুর রাজ্জাক উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে কর্মরত থাকাকালে শাহিনা বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের সূত্র ধরে প্রায় চার বছর আগে তিনি শাহিনাকে বিয়ে করেন। এরপর থেকেই আঁখির সঙ্গে তার স্বামী ও সতিনের পারিবারিক বিরোধ শুরু হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়।

সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, আঁখি সন্তানদের নিয়ে বামনডাঙ্গায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। অন্যদিকে শাহিনা বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রামে থাকতেন। পরে আব্দুর রাজ্জাক বামনডাঙ্গা থেকে ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখি ও সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। 
এদিকে, বাড়িতে ফেরার পর থেকেই আব্দুর রাজ্জাক, শাহিনা বেগমসহ অন্য আসামিরা আঁখি ও তার সন্তানদের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে স্বামী আব্দুর রাজ্জাকের নির্দেশে শাহিনা বেগমসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে আঁখি ও তার পাঁচ বছর বয়সী ছেলে আহনাফ আদিলকে হত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, মা ও ছেলেকে হত্যার ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রাম থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেলে নিহত নারীর মেয়ে নানাবাড়ি থেকে ফিরে ঘরে ঢুকে বিছানায় মা ও ছোট ভাইয়ের মরদেহ দেখতে পায়।

ইত্তেফাক/এএইচপি