বিজয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি।

আজ ১৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করা হয়।

এ সময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুবুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেস চন্দ্র হাতে মিষ্টি ও উপহার তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয়ক দিবসের শুভেচ্ছা জানানো হয়। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।