মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৮

সিলেটের দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে জুম্মার নামাজের পর মুসল্লিদের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রামে এ ঘটনা ঘটে। কামালবাজার তদন্তকেন্দ্র ও দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, দক্ষিণ কুড়িগ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে লাল মিয়া সফিক ও আফরোজ মিয়া এই দু'পক্ষের বিরোধ চলে আসছিলো। শুক্রবার জুম্মার নামাজের পর মজসিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিলো। এ নিয়ে নামাজের পরপরই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের মাঝে ইট-পাটকেলও নিক্ষেপ হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সুমন কুমার চৌধুরী আরও জানান, এখনও কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা দায়ের হয়নি।সব কিছু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।