উল্লাপাড়ায় তারিকুল ইসলাম মোবারক (৩২) নামে এক রকেট এজেন্টের পায়ে গুলি করে ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তারিকুল সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রামের মন্টু মিয়ার ছেলে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে তারিকুল তার কাজ শেষ করে উল্লাপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় শ্রীকোলা চৌকিদহ ব্রিজের পাশে একদল দুর্বৃত্ত তরিকুলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার পায়ে গুলি করে ৫ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শী সুমন হোসেন জানান, গুলির শব্দ আর চিৎকার শুনে তিনিসহ আরো লোকজন এগিয়ে যান। এ সময় পায়ের রক্তাক্ত অবস্থা দেখে তারিকুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তারিকুলের ভাই মাহমুদুল হাসান মুন্না জানিয়েছেন, তার ভাই আশঙ্কামুক্ত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন এবং অপরাধীদের শনাক্তে রাস্তায় থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।