বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিবস উপলক্ষে উপহার স্বরূপ মিষ্টি দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফকে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরে হিলি চেকপোস্টের জিরোপয়েন্টে এই দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মাহাবুবুর রহমান জানান, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কসহ কয়েকটি ক্যাম্পে ছয় প্যাকেট মিষ্টি পাঠানো হয়েছে। হিলি চেকপোস্টে ১৮০ বিএসএফের কমান্ডার এএসআই সুশীল কুমারের হাতে এই মিষ্টির প্যাকেটগুলো তুলে দেওয়া হয়। এসময় সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, আজ বিজিবির ২২৭তম দিবস। এই উপলক্ষে বিএসএফ অধিনায়কসহ ক্যাম্প কমান্ডারদের শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও বিএসএফ দায়িত্ব পালন করছে। আমরা দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি ও উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানাই।