সাভারে লুৎফর রহমান (৪০) নামের এক ভ্যান চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত লুৎফর রহমান কুড়িগ্রামের রাজহাট থানাধীন সরকার পাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার মীরবাগ এলাকায় দীর্ঘদিন ভাড়া থেকে ভ্যান চালাতেন।
পুলিশ জানায়, প্রতিদিনের মত রবিবার সকালে ভ্যান চালাতে যান লুৎফর। তার স্ত্রীও পোশাক কারখানায় চলে যান। দুপুরের দিকে তার ছেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে তার বাবাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।’
আরও পড়ুন: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে পাহাড়ি যুবকের মৃত্যু
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুৎফর আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’
ইত্তেফাক/নূহু