ইটভাটায় অভিযানকালে হামলা, পরিবেশ কর্মকর্তাসহ আহত ৬

মাদারীপুরের পাঁচখোলায় কয়েকটি ইটভাটায় উচ্ছেদ অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকসহ অন্তত ছয় জন আহত হয়েছেন। এসময় দুর্বৃত্তরা একটি গাড়ি ভাঙচুর করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে ছয় ইটভাটা থেকে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

হামলায় আহতরা হলেন- পরিবেশ অধিপপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, এসকেবেটর মেশিনের চালক মো. রায়হান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, ঢাকার পরিবেশ অধিদপ্তর নির্দেশে দুপুর ১টার দিকে পাঁচখোলায় জেএসবি নামে একটি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ইটভাটাটি ভেঙে ফেলতে গেলে দুর্বৃত্তরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলামের মাথায় ইটের আঘাত লাগে। এসময় আরও পাঁচ জন আহত হন। পরে জেলা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

তিনি জানান, পাঁচখোলা এলাকার জেএসবি ব্রিকস-৩, এআরজি ব্রিকস, খান ব্রিকস-৩, এএসবি ব্রিবস, জেএসবি ব্রিকস-২, আনোয়ান খান ব্রিকসে অভিযান চালিয়ে প্রত্যেককে আড়াই লাখ টাকা ও আমেনা ব্রিকসে দেড় লাখ টাকা জরিমানা করে মোট সাড়ে ১৬ লাখ টাকা আর্থিক জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

আহতরা চিকিৎসা নিয়েছেন। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, অভিযানে এসে আমারা হামলার শিকার হয়েছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলে কথা বলে ব্যবস্থা নেবো।