পুতিনকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সংঘাতকে যুদ্ধ হিসেবে স্বীকার করার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই আহ্বান জানান। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বড়দিনে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া। সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তবে গত ২২ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে স্বীকার করেন প্রেসিডেন্ট পুতিন। এরপরই শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, রুশ প্রেসিডেন্টকে বাস্তবতা স্বীকারের পাশাপাশি ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করা উচিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে পুতিন যেভাবেই দেখুন না কেন এতে কেবল মৃত্যু আর ধ্বংসযজ্ঞ বাড়ছে। মুখপাত্র বলেন, ‘২৪ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং বাকি পৃথিবী জানত যে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযান’ ছিল ইউক্রেনের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধ। অবশেষে ৩০০ দিন পর পুতিন এটিকে যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘বাস্তবতা স্বীকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা তাকে ইউক্রেন থেকে তার বাহিনী প্রত্যাহার করে এই যুদ্ধ থামানোর আহ্বান জানাই।’ মুখপাত্র আরো বলেন, ‘এতে কেবল ইউক্রেনের মানুষই হতাহত হচ্ছে না, রাশিয়ার অনেক সেনাও নিহত হয়েছে যার ফল ভোগ করছে তাদের পরিবারগুলো।’

এদিকে রাশিয়া বড়দিনে হামলা চালাতে পারে বলে ইউক্রেনবাসীকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সতর্ক সাইরেনের দিকে নজর রাখবেন, একজন আরেক জনকে সাহায্য করবেন। শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি আরো বলেন, তিনি সম্প্রতি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। রাশিয়ার হামলা মোকাবিলায় নানা রকম ব্যবস্থা নিয়ে প্রস্তুতি চলছে। আমরা অবশ্যই পালটা ব্যবস্থা গ্রহণ করব। অন্য দিকে খেরসনে রুশ হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছে। —মস্কো টাইমস