‘নৌকায় ভোট না দিলে দেশ ছাড়া করা হবে’

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে নৌকায় ভোট না দিলে দেশ ছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে এক চেয়ারম্যানের বিরুদ্ধে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ ২২ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্রজেন্দ্রনাথ (৪৩) নামে এক ব্যক্তি।

অভিযোগে জানা যায়, হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রার্থী নুরল আমীন, জাতীয় পার্টির তৌহিদ হাসান খান মুকুল ও স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম আরিফ।
 
হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে নৌকা প্রতীকের প্রচারণায় পূর্ব সিন্দুর্না গ্রামে যান চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। এ সময় পূর্ব সিন্দুর্না গ্রামের লোকজনকে ২৯ ডিসেম্বর নৌকায় ভোট দিতে বলেন। এতে ভোট দিতে রাজি না হওয়ায় ওই গ্রামের ব্রজেন্দ্রনাথ ও তার স্ত্রীর ওপর ক্ষিপ্ত হন তিনি। এ সময় শ্যামলের লোকজন তাদের ওপর চড়াও হয়ে লোহার রড আর ডেগার উঁচিয়ে হুমকি দিয়ে বলেন, নৌকায় ভোট না দিলে পিটিয়ে হাত-পা ভেঙে দেশ থেকে বিতারিত করা হবে। 

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তাসহ ন্যায় বিচার চেয়ে রোববার হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্রজেন্দ্রনাথ। গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ ২২ জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়ে দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন নিরাপদে রয়েছেন। হিন্দুদের ভয়ভীতি দেখানোর প্রশ্নই আসে না। এটা মিথ্যা ও বানোয়াট অভিযোগ।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তথ্য উপাত্ত যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।