দোহারে গৃহবধূর নগ্নছবি ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ২

ঢাকার দোহার উপজেলায় এক গৃহবধূর কৌশলে নগ্নছবি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করলে পুলিশ দুই বখাটেকে গ্রেফতার করে। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, আবুল কালামের ছেলে আব্দুস সালাম (৩৫)  ও মুনসুর মোল্লার ছেলে মাসুদ রানা (৩২)।

আরও পড়ুন: ভোলায় চরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বাজেট বৃদ্ধির দাবি

দোহার থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, পর্নোগ্রাফি আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে

ওসি সাজ্জাদ জানান, গত ২৭ মে রাতে ওই গৃহবধূ তার নিজ ঘরে কাপড় বদলাচ্ছিল। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা স্থানীয় ওই দুই বখাটে ঘরের জানালার ফাঁক দিয়ে কৌশলে গৃহবধূর নগ্ন ছবি মোবাইল ফোনে  ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে বখাটেরা গৃহবধূকে তার নগ্ন ছবি দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করলে গৃহবধূ প্রথম ধাপে তাদের ২০ হাজার টাকা দেয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বখাটেরা বার বার টাকা দাবি করলে গৃহবধূ স্থানীয়দের সহায়তায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ ওই গৃহবধূকে দিয়ে ফাঁদ পেতে রবিবার রাতে চাঁদা দেওয়ার কথা বলে কৌশলে দুই বখাটে ডেকে আনলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। সেইসঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি মেমোরিসহ জব্দ করে। পরে সোমবার তাদের আদালতে পাঠানো হয়।

ইত্তেফাক/এমআরএম