ডমিঙ্গোর পদত্যাগে নতুন কোচের সন্ধান

ক্রিকেট পাড়ায় অনেক দিন ধরেই গুঞ্জন, জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোকে রাখা হবে কি হবে না। আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছিল। ডমিঙ্গো নিজে পদত্যাগ করলে ভালো, আর পদত্যাগ না করলে ছেড়েও দিতে পারছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ তাকে ছেড়ে দিলে বড় অঙ্কের টাকার হিসাব গুনতে হবে। চুক্তি এখনো রয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকবেন এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকান এই কোচকে বিদায় নিতে হলো। ডমিঙ্গো নিজেই পদত্যাগ করেছেন নাকি পদত্যাগে বাধ্য হলেন। কারণ কঠিন শর্তের বেড়াজালে আটকে ছিল বিসিবি।

মঙ্গলবার ডমিঙ্গো পদত্যাগ করেছেন। সেটা গতকাল জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। কী কারণে পদত্যাগ করেছেন ডমিঙ্গো সেটা তার পদত্যাগ পত্রে উল্লেখ করেননি।

এই কয়েক দিন আগে ভারতের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। টেস্ট সিরিজে বাংলাদেশকে চুনকাম করে দেয় ভারত। তারপরও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বেশ প্রশংসাও করেছেন ডমিঙ্গোর। কিন্তু তাকে যে রাখার পক্ষে বিসিবি নেই সেটা আড়ালে-আবডালে ভালোই ভেসে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই হলো।

ডমিঙ্গোকে নিয়ে বিসিবির মধ্যে একটা অস্বস্তি ছিল। তিনি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারছিলেন না। তাদের সঙ্গে দূরত্ব, পারফরম্যান্স নিম্নমুখী, কোচিং স্টাফদের সঙ্গে মানসিক দ্বন্দ্ব লেগেই থাকত। আর ডমিঙ্গোর নানা সিদ্ধান্ত বিতর্ক তাকে সমালোচিত করেছে। ডমিঙ্গোর অধীনে মাউন্ট মাঙ্গানু টেস্ট এবং দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জয় সবচেয়ে বড় সাফল্য। ২০১৯ সালে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে সমালোচিত হওয়ার পরও সেই চুক্তি দুই বছরের জন্য নবায়নও করে বিসিবি। জালাল ইউনুস জানিয়েছেন বিসিবি এমন একজন কোচ খুঁজছেন যিনি দলের ওপর প্রভাব রাখতে পারবেন। শুধু তাই না, দ্রুত কিছু পরির্তন চাইছে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘আমরা বিশ্বকাপের আগে একটা শক্তিশালী দল গড়ে তুলতে চাই। যে দলটা মানসম্পন্ন ক্রিকেট খেলবে। এখানে শুধু ভালো মানের কোচ হলেই হবে না। খেলোয়াড়দের মানসিকতাকে গড়ে তোলার জন্য একজন মেন্টর হিসেবেও তিনি কাজ করতে পারবেন।

জালাল ইউনুস জানিয়েছেন, তিন ফরম্যাটের জন্য দুই জন কোচ খোঁজা হচ্ছে। এখন যাদের সঙ্গে কথা হচ্ছে তাদের মধ্যে থেকে কোচ নিয়োগ করা হতে পারে।’ জালাল ইউনুসের কথা হচ্ছে, ইংল্যান্ড বাংলাদেশে আসার আগেই নতুন কোচ দেখা যেতে পারে। এরই মধ্যে সাকিবদের পুরোনো কোচ শ্রীলঙ্কার হাথুরেসিংহের নাম শোনা যাচ্ছে এবং তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি এবং দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার।