বক্সিং ডে টেস্টে যেন অস্ট্রেলিয়ার হারতে মানা। প্রতিবছর নিয়ম করেই ক্রিসমাসের পরদিন ক্যাঙ্গারুরা মাঠে নামবে সাদা জার্সি গায়ে আর সেই ম্যাচে জিতেই মাঠ ছাড়বে, এটি যেন অলিখিত নিয়মই হয়ে গেছে। সেই নিয়মের ব্যত্যয় হলো না এবারও। বক্সিং ডে টেস্টে অসিদের কাছে স্রেফ উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে চারদিনেই জয় পেয়ছে অস্ট্রেলিয়া। ইনিংস ও ১৮২ রানে প্রোটিয়াদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে ব্যাগি গ্রিনরা।
মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অসিদের বোলিং তোপে ১৮৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি আর অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৭৫ রানের পাহাড় তুলে দেয় অস্ট্রেলিয়া।
৩৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলো দক্ষিণ আফ্রিকা।
আজ চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতোই ব্যাটিং ব্যর্থতায় পড়ে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৪ রানেই গুটিয়ে গিয়ে ইনিংস ও ১৮২ রানের জয় উপহার দেয় অস্ট্রেলিয়াকে।
এর আগে, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও জিতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো প্যাট কামিন্সের দল। আগামী ৪ জানুয়ারী সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।