সিরাজগঞ্জের আবাদ হচ্ছে সুপার ফুড চিয়া সিড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন সুপার ফুড চিয়া সিড এর আবাদ হচ্ছে। এবছর উপজেলার কয়ড়া ইউনিয়নের সরাতলা, রতনদিয়ার মাঠে প্রায় দশ হেক্টর পরিমাণ জমিতে এর আবাদ করা হয়েছে।

গত বছর প্রথম একই সরাতলা মাঠে কৃষক জান্নাত আলী এ ফসলের পরীক্ষামূলক আবাদ করেন। এবছর উপজেলার কয়ড়া ইউনিয়নের সরাতলা ও রতনদিয়ার গ্রামের জান্নাত আলী, ঠান্ডু মিয়া, হেলাল উদ্দীন, আমজাদ হোসেন, হেলাল মিয়া চিয়া সিড ফসলের আবাদ করেছেন। স্থানীয় কৃষি অফিস ও কৃষকদের কাছ থেকে জানা যায় এবছর আবাদ করা জমির পরিমাণ প্রায় দশ হেক্টর। 

জান্নাত আলী বলেন, এবারে প্রায় ২০ বিঘা জমি লিজ নিয়ে এ ফসলের আবাদ করেছি। গতবছর চিয়া সিড ফসলের বীজ ঢাকা থেকে এনে পরীক্ষামূলকভাবে ২৮ শতক জমিতে আবাদ করে সোয়া তিন মণ ফলন পেয়েছিলাম। সব খরচ বাদ দিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা লাভ হয়েছিল। ঢাকায় একটি ঔষধ কোম্পানির কাছে উৎপাদিত চিয়া সিড বিক্রি করেছিলাম। 

এছাড়াও এবার মৌসুমে সরাতলা গ্রামের কৃষক সাবেক ইউপি সদস্য ঠান্ডু মিয়া সবচেয়ে বেশি পরিমাণ প্রায় ২৯ বিঘা জমিতে চিয়া সিড ফসলের আবাদ করেছেন। তিনিও জমি লিজ নিয়ে এর আবাদ করেছেন ।

উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, চিয়া সিড আবাদে বীজ বোনার পর একশো দিনের মধ্যে ফসল কেটে ঘরে তোলা যায়। কম খরচে আবাদ করে আয় বেশি হয় কৃষকেরা চিয়া সিড চাষ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উল্লাপাড়া উপজেলায় কয়ড়া ইউনিয়নের সরাতলা ও রতনদিয়ার মাঠ দুটির প্রায় দশ হেক্টর পরিমাণ জমিতে কৃষকেরা আগ্রহভরে চিয়া সিড এর আবাদ করেছেন। ওমেগা-৩, অ্যান্টি অক্সিজেন, ফাইবার সমৃদ্ধ সুপার ফুড চিয়া সিড সুপারশপগুলোয় কেনাবেচা হয়ে থাকে। এর দাম কেজি প্রতি ১৩ থেকে ১৪ শত টাকা। এ ফসলের আবাদে উল্লাপাড়া অঞ্চলে কৃষিতে নতুন আরও একটি ফসলের আবাদে কৃষকেরা আগ্রহী হয়ে উঠছেন। দেশে এ ফসলের আবাদে এর আমদানি নির্ভরতা কমে আসবে।