বগুড়ায় কেবল নেটওয়ার্কের (ডিশ সংযোগ) ব্যবসায়ী রঞ্জু সরদার হত্যা মামলার রায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২ জানুয়ারি) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল ওই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিত প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডিতরা হলেন, বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকার আজগর আলী, মাহফুজার রহমান, বানদীঘি গ্রামের সিরাজুল ইসলাম, জিন্নাহ প্রামাণিক, মিলনের পাড়ার আশরাফুল ইসলাম আশরাফ, বড়কুমির এলাকার চার ভাই রিপন শেখ, রাজু শেখ, বিজু শেখ ও বাবু শেখ, বানদীঘি এলাকার দুই ভাই আইনুল ইসলাম ও একরাম হোসেন এবং বড়কুমিরা গ্রামের খয়বর আলী। শেষের ৭ জনই পলাতক রয়েছে।
বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাছিমুল করিম হলি বলেন, বগুড়া কুমিড়া এলাকার আজাহার আলীর ছেলে রঞ্জু সরদার পেশায় একজন ডিশ ব্যবসায়ী (ক্যাবল নেটওয়ার্ক) ছিলেন। ডিশ ব্যবসা এবং এলাকায় আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিলো। রঞ্জু সরদার ২০১২ সালের ৭ জুলাই ভোর ৬টার দিকে তার ভাতিজাকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ভাতিজাকে শহরের নিশিন্দারা এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে রেখে তিনি আবার বাড়ি ফিরছিলেন। ঝোপগাড়ি-বড়কুমিড়া সড়কের স্থানীয় একটি কলেজের কাছাকাছি পৌঁছালে আসামিরা তার পথরোধ করে রামদাসহ ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত রঞ্জুর বাবা আজাহার আলী থানায় একটি হত্যা মামলা করেন।