কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ফয়সাল ইসলাম হৃদয় নামের এক যুবক খুনের রেশ না কাটতেই এবার নগরীর মোগলটুলী এলাকায় মাদক ব্যবসায় জেরে ছুরিকাঘাতে মাহবুব হোসেন মান্না (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মান্না নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর মোগলটুলী এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন মাহবুব হোসেন মান্নাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। এতে মান্না ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে মান্না মারা যান।
এ ঘটনায় পুলিশ মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করেছে। এছাড়া অনিক ও জহিরুল ইসলাম নামের ২ যুবক একই ঘটনায় আহত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে তাদেরকে আটক করা হয়। তারা পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে। অপর আটক হাবিব, সুজন, খায়রুল, নাবিদ, প্রবীন ও আকাশকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হানিফ সরকার জানান, এলাকায় মাদক ব্যবসার বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত মান্নার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা আছে। অপরদিকে আটক জহিরুল ইসলাম (২৭) ও অনিকের (২৬) বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৪/৫টি করে মামলা আছে। কিছু দিন আগে অনিক কারাগার থেকে জামিনে বের হয়।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সন্ধ্যা পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।