বিপিএলে প্রথম ম্যাচে নেমেই ব্যাটে ঝড় তুললেন সাকিব আল হাসান। তার ঝড়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯৪ রানের পাহাড়সম রান দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশালের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বরিশালের অফিসিয়াল অধিনায়ক সাকিব হলেও এই ম্যাচে অধিনায়কত্ব করেছেন মিরাজ। সিলেটেরও নিয়মিত অধিনায়ক মাশরাফি হলেও আজ টস করতে নেমেছিলেন মুশফিকুর রহিম।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী খেলতে থাকেন বরিশালের দুই ওপেনার এনামুল হক আর চতুরঙ্গ ডি সিলভা। মাত্র ৭ ওভারেই ৬৭ রান তুলে ফেলে এই উদ্বোধনী জুটি। ৬৭ রাঙে এনামুলের আউটে এই জুটি ভাঙলে কিছুটা ধীর হয়ে যায় রান তোলার গতি। ২১ বলে ২৯ করে মাশরাফির বলে আউট হন এনামুল।
সঙ্গী হারানোর পর টিকতে পারেননি সিলভাও, ইমাদ ওয়াসিমের বলে ফেরেন সিলভা। দলীয় শতরান পেরোনোর পর ইফতিখার আহমেদকেও ফেরান মাশরাফি।
এরপরই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সিলেটের ওপর চড়াও হন সাকিব। দলীয় ১৩৮ রানে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। এই অভিজ্ঞ ব্যাটার ১৯ রানে ফিরলেও সাকিব টেনে নিয়ে যান দলকে। ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সাকিব।
অবশেষে দলের রান ১৮০ ছাড়ানোর পর মাশরাফির তৃতীয় শিকারে পরিণত হন সাকিব। ফেরার আগে খেলেন ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস
সিলেটের হয়ে ৪ ওভারে ৪৮ রান দিয়ে মাশরাফি নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ইমাদ ওয়াসিম, রেজাউর রেজা ও থিসারা পেরেরা নিয়েছেন একটি করে উইকেট।