হ্যাটট্রিক জয়ে চোখ সিলেটের, প্রথম জয় পেতে মরিয়া কুমিল্লা

বিপিএলের নবম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দারুন জয়ের স্বাদ পেয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। এবার হ্যাটট্রিক জয়ে চোখ রেখে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে সিলেট। এ ম্যাচে সিলেটের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হার দিয়ে আসর শুরু করা  কুমিল্লা দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া হয়ে রয়েছে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১ টা ৩০ মিনিটে উড়তে থাকা সিলেটের মুখোমুখি হবে কুমিল্লা। 

বোলারদের হাত ধরে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটে  চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে আসর শুরু করে সিলেট।
সিলেটের  বোলিং তোপে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র  ৮৯ রান করে চট্টগ্রাম। ডান-হাতি পেসার রেজাউর রহমান রাজা ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৭ রানে ২ উইকেট শিকার করেন। আট মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নেমে ৪ ওভারে ১৮ রানে ১টি উইকেট নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। আফিফ হোসেন সর্বোচ্চ ২৫, আল-আমিন ১৮ ও মেহেদি মারুফ ১১ রান করেন।
৯০ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি সিলেটের। ওপেনার নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৪৩ ও জাকির হাসান ২৭ রান করে দলের জয়ের পথ সহজ করেন। ৪৫ বল বাকি রেখেই জয় তুলে নেয় মাশরাফির সিলেট।

প্রথম ম্যাচে সহজ জয়ের স্বাদ নিয়ে দ্বিতীয় ম্যাচে সাকিব-মাহমুদুল্লাহর দল ফরচুন বরিশালের মুখোমুখি হয় সিলেট। এ ম্যাচে বড় পরীক্ষার মুখে পড়ে সিলেট। ১৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ৬ উইকেটে ম্যাচ জিতে সিলেট।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল। ব্যাট হাতে সিলেটের বোলারদের তুলোধুনো করেছেন সাকিব আল হাসান। ২০৯ স্ট্রাইক রেটে ৩২ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।  সিলেটের পক্ষে সফল বোলার ছিলেন মাশরাফি। ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।

১৯৫ রানের বিশাল টার্গেটে ভালো শুরু না হলেও দ্বিতীয় উইকেটে ৬৭ বল খেলে ১০১ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। শান্ত ৪৮ রানে থামলেও  হাফ-সেঞ্চুরি করে ৫৫ রানে আউট হন হৃদয়। এরপর জাকির হাসান ১৮ বলে ৪৩, মুশফিকুর রহিম ১১ বলে অপরাজিত ২৩ ও থিসারা পেরেরা ৯ বলে অনবদ্য ২০ রান করে সিলেটের জয় নিশ্চিত করেন।

৩৪ বলে ৫৫ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন হৃদয়। ম্যাচ শেষে হৃদয় বলেন, ‘ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল মুশফিক ভাই-মাশরাফি ভাইদের সঙ্গে খেলার। আমি অনেক ভাগ্যবান, তাদের সঙ্গে খেলতে পারছি, খুব ভালো গাইডলাইনের ভেতর আছি। সব থেকে বড় বিষয় হচ্ছে স্বাধীনভাবে খেলতে পারছি।’

এদিকে, প্রথম ম্যাচে হার দিয়ে এবারের বিপিএল শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে হেরেছে ভিক্টোরিয়ান্সরা। প্রথমে ব্যাট করে রনি তালুকদারের ব্যাটিং ঝড়ে ৫ উইকেটে ১৭৬ রানের বড় সংগ্রহ পায় রংপুর। ৩১ বলে ২১৬ স্ট্রাইক রেটে ৬৭ রান করেন রনি। ১১টি চার ও ১টি ছয় মারেন তিনি।

১৭৭ রানের টার্গেটের জবাব দিতে নেমে ব্যর্থ কুমিল্লার ব্যাটাররা। ৫ বল বাকি থাকতে ১৪২ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস।