সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৭ রানের পুঁজি বরিশালের 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭৮ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। 

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আশা জাগিয়েও দ্রুতই আউট হন মেহেদী মিরাজ। দলীয় ২৬ রানে ৯ বলে ৬ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে আসেন চতুরঙ্গ ডি সিলভা। এনামুল বিজয়কে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

দলীয় ৫০ রানে ১২ বলে ২১ রান করে আউট হন চতুরঙ্গ ডি সিলভা। এরপর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর দলীয় ৭২ রানে ফের উইকেট হারায় বরিশাল। ২০ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান বিজয়। 

বিজয়ের বিদায়ের পর ক্রিজে আসা ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন সাকিব। তবে দলীয় ১২২ রানে ২০ বলে ২৭ রান করে আউট হন ইব্রাহিম জাদরান। একদিকে উইকেট হারালেও অন্যপ্রান্তে নিজের সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব আল হাসান। 

ফিফটির পর কুমিল্লার বোলারদের ওপর আরও চড়াও হয়ে খেলতে থাকেন সাকিব। তবে দলীয় ১৬০ রানে পর পর দুই উইকেট হারায় বরিশাল। ৮ বলে ৫ রান করে ইফতিখারের বিদায়ের পরে ক্রিজে এসেই পরের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। 

সাকিব ৪৫ বলে ৮১ ও কানাত করিম ৪ বলে ৬ রকান করে অপরাজিত থাকেন। কুমিল্লার পক্ষে স্পিনার তানভির ইসলাম ৪টি, নাইম ও খুশদিল নেন ১টি করে উইকেট।