চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের দুরন্ত ছুটে চলার পেছনে অন্যতম কারিগর শান্ত। নিয়মিত রান পাচ্ছেন ব্যাটে, দলের জয়ে রাখছেন অবদান। এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এই স্ট্রাইকার্স ওপেনার।
শনিবার (২৮ জানুয়ারি) রাতেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও ম্যাচ জেতানো ৬০ রানের ইনিংস খেলেছেন স্ট্রাইকার্স ওপেনার শান্ত। পেয়েছেন টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরষ্কারও। এমন নায়কোচিত পারফরম্যান্সের পর শান্তর প্রশংসায় মেতেছেন তার সিলেট স্ট্রাইকার্স সতীর্থ রায়ান বার্ল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্ল বলেন, 'অসাধারণ, অসাধারণ খেলেছে সে (শান্ত)। পাওয়ার প্লে-তে সে যেভাবে শুরু করেছে, এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারতো না দল। সব কৃতিত্ব তার। ক্ল্যাসিক, স্টাইলিশ, ক্লিশে আরও যত কথা আছে, বলতে পারেন ইনিংসটি নিয়ে। দুর্দান্ত এক ইনিংস ছিল।'
এদিকে, সিলেটের হয়ে গতকালই প্রথম মাঠে নেমেছিলেন বার্ল। আর অভিষেকেই চট্টগ্রামের বোলারদের ওপর ব্যাটিং তান্ডব চালিয়েছেন জিম্বাবুয়ের এই মারকুটে ব্যাটার। ১৬ বল খেলে ৪ চার আর ৩ ছক্কায় ৪১ রান করে দলের জয় নিশ্চিত করেছেন বার্ল।