শেষ চারে যাওয়ার নিভু নিভু আশা বাঁচিয়ে রাখতে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৪৪ রান সংগ্রহ করেছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। উসমান ঘানির ৫৫ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে রংপুরের সামনে ১৪৫ রানের লড়াকু চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি রংপুর রাইডার্সের মুখোমুখি হয় ঢাকা ডমিনেটর্স। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ বিপাকেই পড়েছিলো ঢাকা। পাওয়ার প্লে'র মধ্যে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। মোহাম্মদ মিথুনকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন উসমান ঘানি। দলীয় ৬৯ রানে মিথুন আউট হয়ে গেলে ক্রিজে আসেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন।
নাসিরকে সঙ্গে নিয়ে রান তোলার গতি বাড়ান উসমান। ২২ বলে ২৯ করে দলের ১২৪ রানের মাথায় আউট হন নাসির। শেষ ওভারে ১৮ রান তুলে রংপুরকে ১৪৫ রানের টার্গেট দেয় ঢাকা। উসমান ঘানি ৫৫ বলে ৭৩ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।