রায়পুরায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙ্গালীনগর নামক এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দু ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে তিনটায় এ ঘটনাটি ঘটে। এ সময় ট্রেন চালকের সর্তকতায় ট্রেনটি নিয়ন্ত্রনে আনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দেড় ঘন্টার পর ট্রাকটি সরানো হলে ট্রেন ঘটনাস্থল ত্যাগ করে। এতে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয়রা জানান, বাঙ্গালীনগর এলাকায় আকিজ সিমেন্টের একটি লরি ট্রাক পিছনের দিকে ঘুড়ানোর সময় ট্রাকের সামনের দিকটি রেললাইনে চলে যায় এবং সামনের একটি চাকা ফেঁসে যায়। ঠিক এমন সময় ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনটি দ্রুত গতিতে অতিনিকটে চলে আসায় ট্রাকটি সরানো সম্ভব হয়নি। 

এ সময় স্থানীয় জসিম মিয়া নামে একটি ছেলে তার গায়ের লাল গেঞ্জি হাতে নিয়ে ট্রেনটি থামানোর চেষ্ঠা করে এবং তা চালকের নজড়ে পড়ে। ট্রেন সঠিক সময়ে নিয়ন্ত্রনে আনতে না পারায় ট্রাকের সামনের অংশ দুমড়ে যায়। পরে রেলওয়ে পুলিশ, রায়পুরা থানা পুলিশসহ স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা পর বিকাল ৫টায় ট্রাকটি কিছুটা সরিয়ে নিলে ট্রেনটি ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন: বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন।

ইত্তেফাক/নূহু