এলপি গ্যাসের মূল্য নির্ধারণে বিইআরসির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এলপি গ্যাসের মূল্য নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বিইআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। 

প্রসঙ্গত, এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ২০১৬ সালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি মূল্য নির্ধারণে বিইআরসি’র পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট। তিন বছর অতিবাহিত হলেও গ্যাসের মূল্য নির্ধারণে তাদের পদক্ষেপ কি তা আদালতকে অবহিত করেনি। পরে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করে এ বিষয়ে জানাতে নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।

আরো পড়ুন: দেশে ফিরবে ভূমধ্যসাগরে আটকে পড়া ৬৪ বাংলাদেশি

আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এমআই