বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সকে ১৭৮ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৪৩ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। এরপর ২১ বলে ২৪ রান করে আউট হন রিজওয়ান।
রিজওয়ানের বিদায়ের পর ক্রিজে আসেন সুনীল নারিন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ৬৩ রানে ৩ বলে ৮ রান করে ফিরে যান নারিন।
এরপর লিটন দাস ও ইমরুল কায়েস মিলে রানের চাকা সচল রাখেন। সাবলীল ব্যাটিং করতে থাকেন লিটন দাস। তবে দলীয় ১০১ রানে ৩৩ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান লিটন।
লিটনের বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন ইমরুল কায়েস। দলীয় ১০৫ রানে ২০ বলে ১৯ রান করেন ইমরুল। এরপর জাকের আলি ও খুশদিল শাহ মিলে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন।
ইনিংসের শেষ ওভারে দলীয় ১৭৭ রানে ২৩ বলে ৩৪ রান করে আউট হন জাকের আলি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
খুশদিল শাহ ২০ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে আজমতুল্লাহ ওমরজাই ২টি, রকিবুল হাসান, রিপন ও হাসান মাহমুদ নেন ১টি করে উইকেট।