কুমিল্লার দেবিদ্বারে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে রুবি বেগম নামে এক বৃদ্ধার চোখ হারানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সুবিল ইউনিয়নের ঘোষঘর গ্রামে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৮ ফেব্রুয়ারি) রুবি বেগম তার মেয়ের বাড়ি সুবিল ইউনিয়নের ঘোষঘর গ্রামে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে শাহনাজ বেগম তার বাড়ির বর্জ্যে পানি নিষ্কাষনের পাইপ বসাতে গেলে প্রতিবেশি দুলাল মিয়া ও তার স্ত্রী, ছেলে, মেয়েরা বাঁধা দেন। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এত পর্যায়ে রুবি বেগম দুপক্ষের ঝগড়া থামাতে গেলে দুলাল মিয়ার ছেলে সাইদুল কোদাল দিয়ে রুবি বেগমের চোখে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মেয়ে শাহনাজ বেগমও গুরুতর আহত হয়।
আহতের মেয়ে মোসা. কোহিনুর বেগম বলেন, আমার মায়ের বাম চোখ সর্ম্পূণ নষ্ট হয়ে গেছে। আমার বোন শাহনাজও গুরুতর আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আমি দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার বলেন, কার আঘাতে চোখ লাগছে আমরা দেখিনি। চোখে সামান্য আঘাত লাগছে। তারাই প্রথম আমাদের মারধর করতে কোদাল নিয়ে আসে।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, আহত রুবি বেগমের মেয়ে কোহিনুর আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একজন তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। তদন্তে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।