বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৮৩ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স।
টসে হেরে ব্যাট করতে নেমে সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ব্যাটার তৌহিদ হৃদয় ও নাজমুল শান্ত। উদ্বোধনী জুটিতে ৬৫ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর ৩০ বলে ৪০ রান করে আউট হন নাজমুল শান্ত।
শান্তর বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান আরেক ওপেনার তৌহিদ হৃদয়। দলীয় ৭৭ রানে ২৫ বলে ২৫ রান করে ফিরে যান তৌহিদ হৃদয়। এরপর জাকির হাসান ও মাশরাফি মিলে রানের চাকা সচল রাখেন।
তবে দলীয় ১০১ রানে ১৩ বলে ১৬ রান করে ফিরে যান জাকির হাসান। এরপর ক্রিজে আসা রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ব্যাটিং করতে থাকেন মাশরাফি। কিন্তু দলীয় ১৩২ রানে ৬ বলে ১৫ রান করে আউট হন বার্ল।
বার্লের বিদায়ের পর পরই দলীয় ১৩৪ রানে ১৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান মাশরাফি। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মুশফিক। দলীয় ১৪২ রানে ৫ বলে ৬ রান করে ফিরে যান মুশফিক।
এরপর জর্জ লিন্ডে ও থিসারা পেরেরা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে ইনিংসে শেষ ওভারে দলীয় ১৭৮ রানে ১৫ বলে ২১ রান করে আউট হন থিসারা পেরেরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স।
জর্জ লিন্ডে ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে হাসান মাহমুদ ও দাসুন শানাকা নেন ২টি করে উইকেট।