একটি জাতীয় ক্রিকেট দল, গোটা একটি দেশকে প্রতিনিধিত্ব করে. জাতীয় দলে জায়গা করে নিতে খেলোয়াড়দের পোড়াতে হয় কাঠখড়। জায়গা পাওয়ার পর তাদের হয় অগণিত ভক্ত। তাদের ভালো পারফরম্যান্স সহায়তা করে ভক্ত তৈরি করতে অনুকরণীয় চরিত্র হয়ে উঠতে। তবে এ লম্বা পথে যদি একটি ভুল হয়ে যায় তাহলে নিমিষেই শেষ সব কিছু। এমন হারিয়েও গিয়েছে অনেক ক্রিকেটার। আবার বাজে সময়কে পাশ কাটিয়ে আবারও লাইমলাইটে ফিরেছেন এমন ঘটনাও কম নয়। ক্যারিয়ারের এমন উত্থানপতন দেখেছেন কতশত ক্রিকেটার। তাদের তালিকায় সব শেষ যোগ হলেন নেপালের সন্দীপ লামিচানে।
লামিচানের বয়স বেশি না, ২২ বছর। তবে এ বয়সেই তিনি দেখে ফেললেন ক্যারিয়ারের চড়াই-উতরাই কি জিনিস। বাইশ গজে পুরোটা সময় জুড়েই রং ছড়িয়েছেন। কিন্তু মাঠের বাইরের কেলেঙ্কারিই তাকে ফেলেন বিপাকে। ধর্ষণ মামলায় জেলেও যেতে হয়েছে তাকে। অবশেষে সব কাটিয়ে ফিরে এসেছেন ক্রিকেট মাঠে।
গতকাল নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। আর এ দিন ৩ উইকেট শিকার করে জানান দিলেন হারিয়ে জাননি তিনি। ম্যাচে নিজের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছেন। এই সময়টায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই লেগ স্পিনার। হয়তো-বা তার অজান্তেই চোখের কোণে পানি এসেছে। ক্যামেরার লেন্স সেটাকে বন্দিও করেছে। স্যালুলয়েডের পর্দায় দেখেছেন কোটি ভক্তরা।
এর আগে গত বছর সেপ্টেম্বরের ৬ তারিখ নেপাল পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এক নাবালিকা। পরের দিনই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তার নামে। সে সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাসপেন্ড করে নেপাল ক্রিকেট বোর্ড। অবশ্য সেসময় নিজেকে নির্দোষ বলে দাবি করে করেন লামিচানে। জানান, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে মাঝপথে বিরতি নিয়ে দেশে ফিরে আসবেন। তারপর আইনি লড়াই করে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত করবেন।