সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে করা এই মামলায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আরজি জানিয়েছেন তিনি।
আবদুস সোবহানের পক্ষে মামলাটি করেন আইনজীবী কামাল হোসেন। তিনি শুক্রবার বলেন, ‘ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলায় ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছেন।’ যুক্তরাষ্ট্রে গোলাপের ‘বাড়ি’ নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা করা হয়।
গত বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন; এরপর সাংবাদিকদের সঙ্গেও কথাও বলেছিলেন তিনি।
অভিযোগে তিনি বলেন, ‘আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’
দুদকে অভিযোগ দেওয়ার পর সুমন বলেছিলেন, ‘মাদারীপুরের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, যার বিষয়ে আমি একটা ভিডিও করেছি। ‘অরগানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি প্রজেক্ট।’
‘যেখানে বলা হয়েছে, আব্দুস সোবহান গোলাপ নিউ ইয়র্কে ৯টা প্রপার্টিজ করেছেন। যেগুলো তার নিজের নামে আছে এবং এখন পর্যন্ত তিনি বিষয়টি অস্বীকার করেননি।’
সৈয়দ সায়েদুল হক সুমন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। গত বছর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়।