প্রাইজমানির পুরোটাই ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের দিলো সিলেট 

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে কুমিল্লার কাছে হেরে রানার আপ হয়েছে সিলেট স্ট্রাইকার্স। ফাইনালে হারলেও সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিকদের মন জিতে নিয়েছে মাশরাফির দল। 

আর তাই টুর্নামেন্টের রানার আপ হিসেবে পুরস্কারস্বরূপ এক কোটি টাকার প্রাইজমানি ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের দিল সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিক কতৃপক্ষ। ফাইনালে ওঠার পরেই এমন কথা জানিয়েছিল সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিক কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ।

এবারের বিপিএলে লিগপর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল সিলেট স্ট্রাইকার্স। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠে সিলেট স্ট্রাইকার্স।