অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে হিমাদ্রী চৌধুরী অনুবাদ কাব্যগ্রন্থ ‘দামেস্কের বালুঝড়’। যার মূল লেখক সিরিয়ার কবি নিজার তৌফিক কাব্বানি। বইটি প্রকাশ করে হরকরা প্রকাশনী। বইটির পরিবেশক দুয়ার প্রকাশনী। ২৫০ টাকায় ৫৭০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘দামেস্কের বালুঝড়’।
এটি তার অনুবাদ করা দ্বিতীয় বই। এর আগে ফেদেরিকো গার্সিয়া লোরকার কাব্যগ্রস্থ ‘অ্যান আন্দালুসিয়ান ডগ’ অনুবাদ করেন হিমাদ্রি। অনুবাদ কাব্য ছাড়াও বেশকিছু বই লিখেছেন হিমাদ্রী। যার মধ্যে অন্যতম- ‘ব্যর্থ মিছিল’, ‘অন্ধ আইনের চক্ষু দান’, ‘ক্যাফেইন জ্বরে ভুল পারদের লিরিক’ — (Miss Fire on the Brothels Moon), ‘ফুলের মদ এক অসম্পূর্ণ পুরুষ’। পাশাপাশি তার যৌথ বই ‘কাব্য মঞ্জুরী’ এবং সম্পাদিত বই ‘একুশ রাঙা আঁচল’। গতবছর প্রকাশ পায় তার চতুর্থ একক বই ‘ফুলের মদ এক অসম্পূর্ণ পুরুষ’।
‘দামেস্কের বালুঝড়’ সম্পর্কে কবি হিমাদ্রী চৌধুরী বলেন, ‘‘নিজার কাব্বানী একজন আরব তথা সিরিয়ার কবি। তাকে সিরিয়ার জাতীয় কবি হিসাবেও গণ্য করা হয়। মরু-আরবের অস্থিরতার মধ্যেই জন্ম তার। তার কবিতার ভাষাও সেই অস্থিরতার স্বাক্ষর বহন করে। রোমান্টিক ঘরনার কবিতার জন্যে সারাবিশ্বে জনপ্রিয় হলেও তার কবিতা মূলত রাজতন্ত্র এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। তাকে এবং তার কবিতা নিয়ে বাংলা ভাষায় ছড়িয়ে ছিটিয়ে কিছু কাজ হলেও সম্পূর্ণ গ্রন্থ হিসাবে ‘দামেস্কের বালুঝড়’ প্রথম।”