ইউক্রেনের রঙে সজ্জিত আইফেল টাওয়ার

রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে কিয়েভকে সমর্থনের প্রতীক হিসেবে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের পতাকার রঙে আলোক সজ্জিত করা হয়েছে আইফেল টাওয়ার।

সূর্যাস্তের পরপরই নীল আর হলুদ আলোয় ছেয়ে গেছে বিশ্বের অন্যতম দর্শনীয় ল্যান্ডমার্ক, ফরাসী রাজধানীর এই টাওয়ারটি। উপরের অংশে নীল আর নীচে হলুদ আলোয় স্নাত হওয়ার পাশাপাশি চিরাচরিত সাদা স্পটলাইটটি শীর্ষে ঘুরপাক খেতে থাকে টাওয়ারটিতে। খবর এএফপি’র।

এদিকে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতিশ্রুত এএমএক্স-১০ সাঁজোয়া যানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যে প্রদান করা হবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ এক বছরে গড়েছে। এই দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই।