রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালাসাদিপুর গ্রামে বাল্যবিবাহের অভিযোগে বরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তানোর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী এই দণ্ড দেন।
শনিবার সকালে থানা থেকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বর হিরো (২৩) তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের মৃত বাবলুর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার মুন্ডুমালা সাদিপুর গ্রামে শাকিলার (১৬) বাল্যবিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গেলে দিলে অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তানোর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের অভিযোগে বরকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বাল্যবিবাহের দায়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি