কাজ না করেই টাকা উত্তোলন

কুমিল্লার দেবীদ্বারে কাবিখা কর্মসূচির কাজ না করেই ১৪ জন শ্রমিকের মোট ১ লাখ ১৯ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে আব্দুল মতিন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সম্প্রতি ১৪ জন ভুক্তভোগী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী।
 
অভিযুক্ত আব্দুল মতিন উপজেলার রাজামেহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই এলাকার মৃত ছায়েদ আলীর ছেলে। 
  
অভিযোগে বলা হয়, ইউপি সদস্য আব্দুল মতিন ২০২২-২৩ অর্থবছরে ৪০ দিনের কাবিখা কর্মসূচির আওতাধীন রাজামেহার ইউনিয়নের (বুটিয়াকান্দি মাদরাসা হতে ধনু মিয়া মেম্বার বাড়ি, রাজামেহার উত্তর পাড়া শাহী ঈদগাহ হতে বদল বাড়ি, বড় বাড়ি হতে গফুর ফকির বাড়ি, গোবিন্দপুর ছুদাম মাস্টার বাড়ি থেকে বাদুল্লা বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ) উন্নয়ন প্রকল্পের কাজ না করেই জোর করে ১৪ জন শ্রমিকের ১ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন করে।

cumilla-2

ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, কোনো প্রকার কাজ করা হয়নি। এক কোদাল মাটিও কোথাও ফেলা হয়নি। বরং অভিযুক্ত ইউপি সদস্য মতিন তাদের একাউন্ট ব্যবহার করে জোরপূর্বক প্রত্যেকের মোবাইল থেকে ৮ হাজার ৫০০ টাকা করে তুলে নিয়ে যায়। এর কারণ জানতে চাইলে হুমকি ও ভয়ভীতি দেখায়। তাদের মোবাইলের সিম ও আইডি কার্ড আটকে রেখেছে অভিযুক্ত মতিন। এর আগেও গত বছরও প্রত্যেকের মোবাইল থেকে ২০০ টাকা করে নিয়েছিলো ইউপি সদস্য মতিন। 

ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, যে শ্রমিকদের কাছ থেকে টাকা তুলে নিয়েছি তাঁরা এবার মাটি কাটে নাই। তাই অন্য শ্রমিক দিয়ে মাটি কাটা হয়েছে। এজন্য তাদের টাকা তুলে যারা কাজ করেছে তাদের দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা বুধবার প্রকল্প এলাকা পরিদর্শন করবে।  
 
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, কাবিখা প্রকল্পের ৪০ দিনের কর্মসূচিতে কোনো অনিয়ম চলবে না। যারা অনিয়ম করবে তদন্ত করে প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।